৭ই মার্চ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০০:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল রবিবার তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ইতিহাসের এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতিকে শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত্বরণকারীদের স্মরণে এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) লাখ লাখ জনতার উপস্থিতিতে এক ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ পরে এই ভাষণ হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেস্কোর আন্তর্জাতিক দলিলে স্থান লাভ করে।