মেয়েকে নিয়ে মিথিলার অ্যাডভেঞ্চার

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:৩৭

বিনোদন রিপোর্ট

 

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়ের পাশাপশি সমাজকর্মী হিসেবেও যুক্ত রয়েছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। তবে এবার নতুন আরো একটি পরিচয় যুক্ত হচ্ছে মিথিলার নামের সঙ্গে। আসছে বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, সময় পেলেই মেয়েকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান মিথিলা। শত ব্যস্ততার ফাঁকেও মেয়ে আইরার জন্য সময় বের করতে ভোলেন না। এবার সেই ঘুরে বেড়ানোর গল্পগুলো নিয়েই বই লিখছেন মিথিলা। ‘আইরা আর মায়ের অভিযান’ নামের একটি চিলড্রেন বুক সিরিজ প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আসছে বইমেলাতে প্রকাশিত হবে সিরিজের প্রথম বইটি। সিরিজের প্রথম পর্বের নাম ‘তানজানিয়ার দ্বীপে’। সামাজিক মাধ্যমে মিথিলা প্রকাশ করেছেন বইয়ের প্রথম ঝলক। বই সম্পর্কে বলতে গিয়ে মিথিলা জানান, এই বই নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। কাজ হোক, অথবা দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর একমাত্র সঙ্গী তার মেয়ে আইরা। মেয়ের সঙ্গে তার অনেক মজার মজার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলোই তিনি বাচ্চাদের সঙ্গে শেয়ার করার চিন্তা করে বইটি লিখছেন। যাতে করে তারাও সেই জার্নির মধ্যে দিয়ে যেতে পারে। তবে বইটিতে স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের কোনো অংশ নেই বলেই জানান মিথিলা।

বইটিকে একাধারে ভ্রমণকাহিনি ও কমিকস বলে আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী। এছাড়াও বইটিতে মা-মেয়ের সম্পর্কের দৃঢ় বন্ধনের গল্প উঠে আসবে।