এম.রুবেল
ক্ষুদ্র/মাঝারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্য এস ম্যানেজার তাদের অন্যতম ফিচার ‘অনলাইন স্টোর’-এর উদ্বোধন করেছে। প্রধান অতিথ হিসেবে উপস্থিত হয়ে অনলাইন স্টোরের উদ্বোধন ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
‘অনলাইন স্টোর’ ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য এমন একটি যুগোপযোগী ফিচার যার মাধ্যমে ব্রিক অ্যান্ড মর্টার ব্যবসায়গুলোর জন্য অনলাইনে ব্যবসা করার দ্বার উন্মুক্ত হয়ে যায় মাত্র ১ মিনিটে। পাড়া-মহল্লার ছোট্ট মুদি দোকান থেকে শুরু করে যেকোনো ব্যবসায়ের ই-কমার্স অনলাইন স্টোর তৈরি করা যায় এই ফিচারের মাধ্যমে মাত্র কয়েকটি ধাপে। ব্যবসায় ছোট হোক কিংবা বড় এস-ম্যানেজার অনলাইন স্টোরের মাধ্যমে এখন পৃথিবীর যেকোনো জায়গা থেকে যে কাউকে দেখানো যাবে ব্যবসায়ের যেকোনো পণ্য। কাস্টমার লিংকে ক্লিক করার মাধ্যমে অনলাইন স্টোর-এ পৌঁছে অনলাইনে অর্ডার করতে পারবে যেকোনো সময়, পেমেন্ট লিংক-এর মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধ করতে পারবে আরও সহজে।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১ বছর আগে যাত্রা শুরু করার সময় আমরা এস-ম্যানেজারের সাথে ছিলাম এবং এমএসএমই ব্যবসায়গুলোর জন্য উপকারী হবে এমন যেকোনো উদ্যোগের সাথে থাকবো আমরা।’
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. মো. মাসুদুর রহমান বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে কেবল শহুরে জনগোষ্ঠী নয়, দেশব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ ডিজিটাল অন্তর্ভুক্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। ডিজিটাল অন্তর্ভুক্তির এই প্রক্রিয়া ছড়িয়ে দিতে হবে প্রতিটি গ্রাম, ইউনিয়ন ও থানা পর্যায়ে। এসএমইগুলো যেসব সমস্যার মুখোমুখি হয় তা দূরীকরণের যেকোনো উদ্যোগের পাশে এসএমই ফাউন্ডেশন সব সময় থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী টিনা এফ জাবিন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিওও ইলমুল হক সজীব, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এমএসএমই বিজনেস আব্দুর রহমান তন্ময় এবং এস ম্যানেজারের কর্মকর্তা ও ব্যবহারকারীরা।
