‘আমার দিন চলে যায় পথে পথে/রাত কাটে তার হিসাব মেলাতে’ সাংবাদিক মিজান মালিকের লেখা ‘খেয়া’ গানটির শুরু এভাবেই। গানের লেখক মিজান মালিকের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি শনিবার রাতে রিলিজ করা হয়। দুই দিনের মধ্যেই গানটি বেশ সাড়া ফেলেছে।
করোনাকালে লেখা মিজান মালিকের বেশ কিছু অসাধারণ গানের মধ্যে খেয়া গানটি উল্লেখযোগ্য। গানে একদিকে যেমন ফুটে উঠেছে জীবনবোধ, জীবনতত্ত্ব তেমনি দিনশেষে মানুষ যে একা এবং তার অংক মেলানো খুব জটিলতার একটি অস্ফুট বেদনা প্রকাশিত হয়েছে। কেউ হয়তো ‘খেয়া’ গানটিকে জীবনমুখীও বলতে পারেন। আবার কেউ গানের ভেতর জীবন থেকে সময় চলে যাবার একটি হাহাকার খুঁজে পাবেন।
গানটি গেয়েছেন ‘আমি তো বালানা’ খ্যাত নতুন প্রজন্মের শিল্পী কামরুজ্জামান রাব্বী। গানের সুর করেছেন আরেক সঙ্গীত সাধক, শিল্পী খালেদ মুন্না। গানের সঙ্গীত করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ।
‘খেয়া’ গানের বিষয়ে লেখক মিজান মালিক বলেন, আমরা কমার্শিয়াল গান শুনে অভ্যস্ত হয়ে পড়েছি। আমি কথিত কমার্শিয়াল ধারার বাইরে এসে জীবনের নানা আঙ্গিক নিয়ে গান লিখছি। হ্যাঁ, তাতে বিনোদন যেমন থাকবে, আবার ভাবনার জায়গাটও থাকছে। মূলত আমি চাই, গানে একটি নতুন ধারা তৈরি করতে।
ইত্তেফাক/এমএএম
