মেহেরপুরে সুখ সাগর পেঁয়াজের বীজ উত্পাদন শুরু

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৪৫

মেহেরপুর প্রতিনিধি

ভারতীয় সুখ সাগর পেঁয়াজের বীজ উত্পাদন শুরু করেছেন মেহেরপুরের চাষিরা। তাদের উত্পাদিত বীজ ভারতীয় বীজের থেকে ভালো ফলন দেবে বলে চাষিরা আশা করছেন। নিজেদের উত্পাদিত সুখ সাগর জাতের এই পেঁয়াজ বীজে বিঘাপ্রতি ১৩০ থেকে ১৭০ মণ ফলন হচ্ছে এমন দাবি করছেন স্থানীয় চাষিরা। তারা বলছেন, ভারত থেকে আমদানি করা বীজের জন্য আর অপেক্ষা করতে হবে না। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর, টেংরামারী, মুজিবনগর উপজেলার শিবপুর, বিশ্বনাথপুর, ভবেরপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মাঠ জুড়ে দেখা যাচ্ছে শুধুই সুখ সাগর পেঁয়াজ বীজের খেত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, মেহেরপুর সদর ও মুজিবনগর মিলে প্রায় ২০০ বিঘা জমিতে সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ উত্পাদন করা হচ্ছে। ১৫ হাজার টাকা কেজি দরে ভারতীয় বীজ কিনে লোকসানের মুখে পড়া চাষি সবুর আলী জানান, এবার নিজেই সুখ সাগর পেঁয়াজ বীজ উত্পাদন করছি ১০ কাঠা জমিতে। রোগবালাই কম থাকাই ফলন হয়েছে আশানুরূপ। আরেক চাষি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নুর হক মণ্ডল জানান, নিজের উত্পাদন করা বীজ দিয়ে চাষ করার পাশাপাশি বাজারে বিক্রিও করতে পারব। মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান বলেন, একদিকে যেমন আমদানি খরচ কমবে, অন্যদিকে ভালো মানের বীজ এলাকা থেকে পাওয়া যাবে। এই এলাকার চাষিরা এই প্রথম উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ উত্পাদন করছে। এই বীজের মানও ভালো হবে বলে আশা করা হচ্ছে। এতে চাষিদের উত্পাদন খরচ অনেকাংশে কমে যাবে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ জানান, সারা দেশে যদি এই দেশীয়ভাবে উত্পাদিত বীজ ছড়িয়ে দেওয়া যায় তাহলে চাষিরা আরও বেশি লাভবান হবেন। বীজ উত্পাদনে একদিকে যেমন বিক্রি করা যাবে অন্যদিকে নিজেরাও চাষ করতে পারবে। মেহেরপুরে সল্প পরিসরে বীজ উত্পাদন করছে চাষিরা। পরবর্তীকালে ব্যাপক পরিসরে উচ্চ ফলনশীল জাতের সুখ সাগর পেঁয়াজ বীজ উত্পাদনের জন্য চাষিদের সর্বাত্মক সহযোগিতা করবে কৃষি বিভাগ।