সারা দেশে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৪৭

ইত্তেফাক ডেস্ক

সারা দেশে সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনাসভা, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

খুলনা : ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ স্লোগানে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

রাজশাহী : গতকাল সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

চাঁদপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

নরসিংদী : জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজবাড়ী :  নারী দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া এ দিবস উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, বগুড়ার সোনাতলা, কুড়িগ্রামের উলিপুর, পটুয়াখালীর দশমিনা, নীলফামারীর জলঢাকা, মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজশাহীর বাগমারা, দিনাজপুরের ঘোড়াঘাট, নাটোরের বড়াইগ্রাম, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, লক্ষ্মীপুরের কমলনগর, জয়পুরহাটের পাঁচবিবি, মেহেরপুরের গাংনী, কুমিল্লার তিতাস, জয়পুরহাটের কালাই, নেত্রকোনার দুর্গাপুর, নরসিংদীর রায়পুরা, সাতক্ষীরার তালা, দিনাজপুরের কাহারোলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।