ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের যৌথ উদ্যোগে ঢাকাস্থ গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে গতকাল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সভাপতি সালমা খালেদ, সাধারণ সম্পাদক তাহেরা মোজাফ্ফার, ইউএনডিপির জেন্ডার এক্সপার্ট বিথিকা হাসান, সাবেক এমপি বেগম আখতার জাহান, বিগ্রেডিয়ার (অব.) ডা. সুরাইয়া রহমান, ফরিদা মনি শহিদুল্লাহ প্রমুখ। তারা বলেন, এ সংকটময় পরিস্থিতিতে বৈষম্য কমিয়ে সমতা অর্জনের পথে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষিত হয়েছে এ বছরের আন্তর্জাতিক নারী দিবসে।
অ্যাডভোকেট সালমা আলী বলেন, নারীর মর্যাদা ইস্যুতে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন হয়নি, নারীরা নিজেরা তাদের নিজ যোগ্যতায় অনেকটা এগিয়ে গেছে। কিন্তু নারীকে মানুষ হিসেবে দেখার জন্য পুরুষের যে মনোভাব, এর পরিবর্তন হয়নি। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের অন্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন এবং নারী অধিকার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
