দেড় বছরের শিশুপুত্রকে জবাই করে হত্যার দায়ে মা ছালমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ছালমা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে। ২০১৬ সালের ৫ মার্চ সকালে ছালমা বেগম পিতার বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত করেন।
মামলার বিবরণে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে ছালমার সঙ্গে করিমগঞ্জ উপজেলার টামনি-আকন্দপাড়া গ্রামের আবুল কালামের বিয়ে হয়। ঘটনার দশদিন আগে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ছালমা বেগম পিতার বাড়িতে আসেন। ওইদিন সকালে ছালমা বেগম একটি নির্জন ঘরে বটি দিয়ে ছোট পুত্র মাহাতির মোহাম্মদকে জবাই করে হত্যা করেন। পরে বটিসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে নিহতের পিতা আবুল কালাম বাদি হয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ছালমা বেগম পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান বাচ্চু।
ইত্তেফাক/এমএএম
