ম্যাচ আয়োজনে অনড়
অবস্থানে বাফুফে
স্পোর্টস রিপোর্টার
কাতার বিশ্বকাপ বাছাইয়ে হোম ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। ২৫ মার্চ সেই ম্যাচ হওয়ার কথা সিলেটে। কিন্তু আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে আসবে না। আর বাংলাদেশও জানাচ্ছে তারা ২৫ মার্চের ম্যাচ আয়োজনে প্রস্তুত। এই ম্যাচ নিয়ে দুই দেশের ফুটবল সংস্থার মধ্যে চিঠি চালাচালি চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি তাদের মাঠেই হওয়ার কথা। কিন্তু আফগানিস্তানের অনুরোধে তাজিকিস্তান গিয়ে খেলে এসেছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী ফিরতি ম্যাচে আফগানিস্তান খেলবে বাংলাদেশে এসে। বর্তমানে বাংলাদেশে কোভিড পরিস্থিতি খুব ভালো হলেও আফগানিস্তান তাদের খেলোয়াড়দের বিষয়ে অজুহাত দেখাচ্ছে। আফগানিস্তানের প্রায় সব ফুটবলার ইউরোপ হতে আসবেন। তারা একবার বের হলে পুনরায় ইউরোপে ঢুকতে গেলে কোভিড টেস্ট হবে ১৪ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে। এই সব কথা বলে আফগানিস্তান চায় ম্যাচটা অন্য ভেন্যুতে খেলতে। কিন্তু অন্য ভেন্যুতে খেলতে গেলেও কোভিডের বিষয়টি গুরুত্ব পাবে সবার আগে। এটা বুঝেও আফগানিস্তান বাংলাদেশে আসতে চাইছে না। এএফসি সিদ্ধান্ত দেওয়ার মালিক। বাফুফে বলছে এএফসি নাকি দুই দেশের ফুটবল সংস্থাকে বলেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিক। সেই সুযোগে আফগানিস্তান জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে আসতে রাজি না। আর এই নিয়ে বাফুফে এবং আফগানিস্তানের মধ্যে সংগঠনিক লড়াই শুরু হয়েছে। মুখোমুখি অবস্থানে দুই সংস্থা।
রাশিয়া বিশ্বকাপের বাছাই খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে চাইছিল না। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন তার সাংগঠনিক দক্ষতা দিয়ে অস্ট্রেলিয়াকে বাংলাদেশে এসে খেলতে বাধ্য করেছিলেন। কিন্তু এবার কেন আফগানিস্তান টালবাহানা করছে। কোভিডের কারণে ফিফার অনেক খেলাই এলোমেলো হয়ে গিয়েছে। কোভিড একটা ইস্যু হলেও আফগানিস্তানের যুক্তি দুর্বল। এটা বাফুফে বুঝতে পারছে। ফিফা বা এএফসি যদি নির্দেশনা দেয় তাহলে সেটাই মানতে হবে বাফুফেকে। মেনে নেওয়ার জন্য প্রস্তুতিও আছে বাফুফের। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজন নিয়ে সভায় বসেছিলেন। দীর্ঘক্ষণ সভা করে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজনে প্রস্তুত। আফগানিস্তান বলেছিল তারা বাংলাদেশে আসবে না। আমরা এএফসিকে চিঠি দিয়ে বলে দিচ্ছি আমরা ম্যাচ আয়োজন করতে প্রস্তুতি নিয়ে রেখেছি।’
