স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বশেষ আসরে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সতীর্থ আরাফাত জুনিয়রকে মেরে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। খুলনায় ২০১৯ সালের ১৬ নভেম্বর এ কাণ্ড ঘটিয়ে ৩ লাখ টাকা জরিমানাও গুনেছিলেন ডানহাতি এ পেসার।
ক্রিকেটের বাইরে থেকে হাঁপিয়ে উঠেছেন শাহাদাত। সঙ্গে ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিত্সায় টাকা প্রয়োজন। উপায় না দেখে ক্ষমা চেয়ে, মায়ের চিকিত্সার জন্য ক্রিকেট খেলে টাকা উপার্জনের সুযোগ পেতে শাস্তি মওকুফে বিসিবির কাছে আবেদন করেছেন শাহাদাত। তাতে মন গলে বিসিবির কর্তাদেরও।
শাহাদাতের শাস্তি কমানোর চিন্তা করছে বিসিবি। গতকাল বিসিবি পরিচালক আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, শাহাদাতের বিষয়টি বিবেচনা করছে বিসিবি।
তিনি বলেন, ‘কিছুদিন আগে টিভিতে দেখেছি এবং ও ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছে, তাছাড়া একটি চিঠিও দিয়েছে, যেহেতু ও একটা বিরাট পারিবারিক সমস্যায় পড়েছে। ওর আম্মার ক্যানসার হয়েছে এবং সে কোনো ক্রিকেট খেলতে পারছে না। ওর বিষয়টি বিবেচনা করে আমি কয়েক জন পরিচালকের সঙ্গে কথা বলেছি। ওনারা ওর ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। এর সঙ্গে আমরা বোর্ড সভাপতিকেও জানিয়েছি এবং তিনিও ইতিবাচক আছেন। ও যেন এবারের এনসিএল থেকে পুরো ঘরোয়া ক্রিকেট খেলতে পারে সেই আশা করছি।’
