স্পোর্টস ডেস্ক
বাঁহাতি স্পিনে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরেছিলেন ফ্যাবিয়ান অ্যালান। পরে ব্যাট হাতেও তাকে পাওয়া গেল দলের ত্রাতা হিসেবে। মাঝারি লক্ষ্য টপকাতে শেষ দিকে কঠিন সমীকরণ তিনি মিলিয়েছেন তিন ছক্কায়। অ্যান্টিগায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে কুলিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩ উইকেটে। লঙ্কানদের ১৩১ রান অ্যালানের নৈপুণ্যে তারা পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই।
চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৭ বলে ২১ রান করে দলকে জিতিয়ে অপরাজিত থাকা অ্যালানই নায়ক। ম্যাচ জিততে শেষ দুই ওভারে দরকার ছিল ২০ রান। আকিলা ধনঞ্জয়ার ১৯তম ওভারে তিন ছয়ে অ্যালান তুলে ফেলেন ২২ রান। ২০তম ওভার খেলারই আর দরকার পড়েনি।
১৩২ রানের সহজ লক্ষ্যে নেমে ক্যারিবিয়ানদের ইনিংস এগোয়নি চেনা ছন্দে। দুই ওপেনারের শুরুটা অবশ্য মন্দ ছিল না। পঞ্চম ওভারে দলের ৩৭ রানে লুইস কাটা পড়েন ওয়েইন্দু হাসারাঙ্গার বলে। এই লেগ স্পিনার তার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে সফরকারীদের রেখেছিলেন ম্যাচে। তিনে নামা ক্রিস গেইল টানা তৃতীয় ম্যাচে হন ব্যর্থ। এবার নিজের চরিত্রের বিপরীতে বলও করেছেন নষ্ট। ২০ বল খেলে তার ১৩ রানের ইনিংস থামান সফরকারীদের আরেক সফল বোলার লাকসান সান্দাকান। পেসার দুশমন্ত চামিরা কোনো রান করতে দেননি কাইরন পোলার্ডকে। ১৮ বলে ২৩ করা নিকোলাস পুরানকেও তুলেন তিনি। রোভম্যান পাওয়েল, ডোয়াইন ব্র্যাভোকে সান্দাকান আউট করে দিলে ১০৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল উইন্ডিজ। এক পাশে ক্রিজে আঁকড়ে পড়ে থাকা জেসন হোল্ডারের সঙ্গে যোগ দিয়ে পরে অ্যালান ঘুরিয়ে দেন খেলা। হারের শঙ্কা থেকে ৬ বল আগেই ম্যাচ জিতে যায় ক্যারিবিয়ানরা।
