বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস আর গুজব ---------- ওবায়দুল কাদের

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪২

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব সৃষ্টি করা। তবে বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানির ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথে ভয় পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি বিকল্প পথে আন্দোলন করবে! যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না। বিরোধী মত দমাতে ভয়ংকর কোনো শক্তি কাজ করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করুন।

‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই’ মর্মে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান। ‘সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে’ মর্মে মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চির সত্য। বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। ক্ষমতার অপব্যবহারের মহোত্সব তাদের শাসনামলে হয়েছিল আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এদেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।

এদিকে গতকাল বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র অব্যাহত আছে, এটি রুখতে ও অপশক্তির বিষ দাঁত ভেঙে দিতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র যেমন আগেও ছিল তেমন এখনো আছে। বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ আছে।