বাস থেকে ছুড়ে ফেলা হয় প্রতিবন্ধী নারীকে, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪৭

ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনে ভাড়া দিতে না পারার অপরাধে এক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ছুড়ে ফেলে আহত করার প্রতিবাদে গতকাল সোমবার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীসহ দোহার-নবাবগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত রবিবার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এক বাক্প্রতিবন্ধী নারী যাত্রী এন মল্লিক পরিবহনে উঠে ভাড়া দিতে না পারায় হেলপার-সুপারভাইজার রুহিতপুর এলাকায় ঐ নারীকে বাস থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঐ নারী মারাত্মকভাবে আহত হন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। তারা এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা তাসদীদ আহমেদ,  নাহিদুল আলম সাজু, মনোয়ার মৃধা জনি, নবাবগঞ্জ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম প্রমুখ উপস্থিত ছিলেন।