জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে :সন্তু লারমা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪৭

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (জেএসএস)-এর সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পাহাড়ের জুম্ম জনগণের অধিকার বাস্তবায়নে যতই দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন আসুক না কেন; আমাদের সংগ্রাম অবশ্যই চালিয়ে যেতে হবে। অস্তিত্বের লড়াইয়ের এই সংগ্রামে আমরা যাতে পরাজিত না হই, সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‘করোনাকালে সমভবিষ্যত্ প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার গড়ি’ স্লোগান সামনে রেখে গতকাল সোমবার হিল উইমেন্স ফেডারেশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপুণ ত্রিপুরা, নারী নেত্রী সুস্মিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের ঘাগড়া শাখার সভাপতি ম্রানু মারমা, যুব সমিতির সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু প্রমুখ।