পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ২০টি ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় নগদ টাকা, কৃষিপণ্যসহ মূল্যবান মালামালও পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান খান জানান, গতকাল মাঝিপাড়া গ্রামের আব্দুস সালামের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে মাঝিপাড়া গ্রামের ১৩টি পরিবারের ২৩টি ঘর, নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের হাত থেকে রক্ষা পেতে আরো কয়েকটি পরিবারের ঘর ভেঙে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি করছেন।
