ভুয়া করোনা টেস্টের মামলা

ডা. সাবরিনার জামিন আবেদন ফের নাকচ

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০০:৩৭

ভুয়া করোনা টেস্টের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দেয়নি আদালত। গতকাল সোমবার শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। আদালতে সাবরিনার পক্ষে প্রণব কান্তি ভৌমিক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি তাপস কুমার পাল শুনানি করেন।

প্রণব কান্তি ভৌমিক বলেন, আসামি প্রায় আট মাস ধরে কারাগারে আছেন। তাকে কারাগারে রেখে বিচার শেষ করতে হবে এমন কথা আইনে নেই। তাই তার জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে।

করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত ২৩ জুন ছয় জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। ডা. সাবরিনা এই ভুয়া করোনা টেস্টের মামলার আসামি। এই মামলায় রাষ্ট্রপক্ষে ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাবরিনা। তার আবেদন নাকচ করে দেয় উচ্চ আদালত।