বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০০:৩৮

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, শ্রীলঙ্কা সফর শেষে সোমবার বিমান বাহিনীর একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করেছেন। শ্রীলঙ্কা সফরকালে বিমান বাহিনী প্রধান শ্রীলঙ্কা বিমান বাহিনীর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি শ্রীলঙ্কা বিমান বাহিনী ঘাঁটি খাতুনায়েকিতে অনুষ্ঠিত একটি পতাকা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কা অবস্থানকালে বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামক বইটি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিনদা রাজাপক্ষে, প্রতিরক্ষা সচিব জেনারেল কমল গুণারত্নে এবং শ্রীলঙ্কা বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এসকে পাতিরানাকে উপহার হিসেবে প্রদান করেন। সফরের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেনেথ এস উইলসব্যাচ ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও শুভেচ্ছা বিনিময় করেন।—আইএসপিআর