গৃহশ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত এবং নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। গৃহশ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে, শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি এবং দক্ষ জনশক্তি হিসেবে সংগঠিত করা প্রয়োজন। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন বক্তারা। গতকাল সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে গৃহশ্রমিক সমাবেশ ও ছাতা শোভাযাত্রায় বক্তারা এসব কথা বলেন।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর সহযোগিতায় ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’-বিলস এই সমাবেশের আয়োজন করে। একই সঙ্গে সুনীতি প্রকল্পের আওতায় গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে একটি সুুসজ্জিত ট্রাকে ‘গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণনীতি-২০১৫’ বিষয়ে বাউল গানের মাধ্যমে সচেতনতামূলক গান পরিবেশন করে ঢাকা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের নেতৃত্বে মানববন্ধন ও ছাতা শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বিল্স উপদেষ্টা পরিষদ সদস্য নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হোসাইন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক পুলক রঞ্জন ধর, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিল্স পরিচালক নাজমা ইয়াসমিন প্রমুখ।
