চট্টগ্রাম কারাগার থেকে পালানো আসামি নরসিংদীতে গ্রেফতার

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৭:৩৭

চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে আসা ফরহাদ হোসেন ওরফে রুবেলকে (২০) নরসিংদীর রায়পুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ মার্চ) ভোর পাঁচটার দিকে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ফরহাদ হোসেনের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরা লের মীরেরকান্দি গ্রামে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে এসে গত দুইদিন ধরে তার ফুফুর বাড়িতে অবস্থান নিয়ে ছিলো। গোপনসূত্রে খবর পেয়ে চট্টগ্রাম নগর কোতোয়ালী থানা পুলিশের একটি দল রায়পুরা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৬ মার্চ শনিবার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে। 

খোঁজ নিয়ে জানা গেছে, রুবেল চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে প্রেরণ করেন কর্তৃপক্ষ। তার হাজতি নম্বর ২৫৪৭। কারাগারের নির্মাণাধীন একটি চার তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়েছেন বলে নিশ্চিত হয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি।

অভিযানে সহযোগিতা করা রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, পলাতক আসামি ফরহাদ হোসেন নরসিংদীর রায়পুরায় অবস্থান করছেন এমন গোপন খবর পেয়ে চট্টগ্রাম নগর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আইয়ুব উদ্দিনের নেতৃত্বে একটি দল রায়পুরায় আসে। আমাদের সহযোগিতা নিয়ে ভোর পাঁচটার দিকে আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় ফরহাদ ঘুম থেকে উঠে দরজা খুলে বের হচ্ছিলো। পুলিশের উপস্থিতি দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়িটির অন্যান্য সদস্যরাও পালিয়ে যায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে আসার পর থেকে এই বাড়িটিতেই অবস্থান করছিলো সে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে আসা ফরহাদ হোসেনকে রায়পুরা থেকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম পুলিশের ওই দলটি আমাদের কাছে এসে রিকুইজিশন দিয়েছে, আমরা তাদের সহযোগিতা করেছি। গ্রেফতারের পর তাকে নিয়ে পুলিশের ওই দলটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। 
ইত্তেফাক/এমএএম