নারী দিবসে মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:১২

রয়টার্স ও আলজাজিরা

মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার দেশটির রাজধানীর প্রধান শহর জোকালোতে এক পদযাত্রায় এ ঘটনা ঘটে।

মেক্সিকোতে নারী হত্যা ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রা করে নারী অধিকার কর্মীরা। প্রায় ১ হাজার নারী এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে ভিড়ের মধ্য থেকে কয়েক জন হাতুড়ি ও লাঠি নিয়ে ন্যাশনাল প্লাজার আশপাশের কয়েকটি ধাতব লোহার বেড়া টেনে নামিয়ে ফেলেন। বিক্ষোভকারীদের পদযাত্রার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ন্যাশনাল প্লাজা এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধে কয়েক জন পুলিশ ঢাল ব্যবহার করেন।

দেশটির এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কয়েক জন পুলিশ সদস্যের ঢালে আগুন ধরিয়ে দেন। যদিও সেই আগুন তাত্ক্ষণিকভাবে নেভানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা ও চার জন বিক্ষোভকারী আহত হয়েছে।

মেক্সিকো সিটিতে নারী অধিকার কর্মী ও পুলিশের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। নারী অধিকার কর্মীদের মতে, সরকারের মনোযোগ আকর্ষণের এটাই একমাত্র উপায়। মেক্সিকোতে নারী নির্যাতনের ঘটনাগুলো উপেক্ষা করায় দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সমালোচনা করছেন নারী অধিকার কর্মীরা। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ২০২০ সালে মেক্সিকোতে অন্তত ৯৩৯ জন নারী সহিংসতার শিকার হয়েছেন।