ভারত মহাসাগরে টুনার মজুত ফুরাচ্ছে রক্ষায় আলোচনা শুরু

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:০৭

এশিয়া ও পশ্চিমা দেশগুলোতে সুশি ও টিনজাত মাছের চাহিদা বৃদ্ধির কারণে ভারত মহাসাগরে টুনার মজুত দ্রুত হ্রাস পাচ্ছে, এ পরিস্থিতিতে মাছটি রক্ষায় ৩০টি দেশের প্রতিনিধিরা বৈঠক শুরু করেছেন।

ইন্ডিয়ান ওশেন টুনা কমিশনের (আইওটিসি) আহ্বানে মঙ্গলবার থেকে অনলাইনে পাঁচ দিনের বৈঠকটি শুরু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ভারত মহাসাগরের তীরবর্তী অস্ট্রেলিয়া থেকে কেনিয়া পর্যন্ত দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান মত্স্যশিকারী দেশগুলো আইওটিসির সদস্য। বৈঠকে এসব দেশ হলুদ পাখনার টুনা ধরার কোটা নিয়ে আলোচনা করবে। পরিবেশবিদরা বলছেন, উষ্ণ পানির এই প্রজাতিটি অতিরিক্ত শিকারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে হ্রাস পাওয়ার ঝুঁকিতে আছে। এই মাছ নিয়ে করপোরেট পর্যায়েও উদ্বেগ আছে। ব্রিটিশ সুপারমার্কেট টেসকো ও কো-অপ এবং বেলজিয়ান খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কোলরাইত গত বছর জাতিসংঘের অনুমোদনপ্রাপ্ত কমিশন ‘মজুত পুনর্গঠনের কোনো পরিকল্পনা না নেওয়া পর্যন্ত’ ভারত মহাসাগরের হলুদ পাখনার টুনা কেনা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার প্রায় এক দশক ধরে মাছটিকে বিপন্ন প্রজাতির তালিকায় রেখেছে। তার পরও বিশ্ব জুড়ে মাছটি ধরার পরিমাণ প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে বার্ষিক ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে বলে সামুদ্রিক মত্স্য সংরক্ষণ নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক ব্লু মেরিন ফাউন্ডেশন জানিয়েছে। এ মাছ ধরার পরিমাণ কমানো না হলে আগামী পাঁচ বছরের মধ্যে হলুদ পাখনা টুনার মজুতে ধস নামতে পারে বলে সতর্ক করেছে তারা।