প্রমোদতরিতে কোয়ারেন্টাইন

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:১৩

থাইল্যান্ডে পর্যটন খাতকে চাঙ্গা করতে

সরকারের নতুন উদ্যোগ

বিবিসি

থাইল্যান্ডে ভ্রমণকারীরা এখন প্রমোদতরিতেই তাদের দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটাতে পারবেন। দেশটির সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। নতুন এ উদ্যোগে সেখানকার পর্যটন খাতে ৫ কোটি ৮০ লাখ ডলার রাজস্ব যোগ হবে বলে আশা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারির কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকে চাঙ্গা করতে থাই সরকার এ পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি জানুয়ারিতে ভ্রমণকারীদের গলফ খেলার মাঠে কোয়ারেন্টাইনকাল কাটানোর সুযোগ দিয়েছিল। পর্যটন খাতের ওপর নির্ভরশীল থাইল্যান্ড গত বছর কোভিড-১৯-এর বিস্তৃতি লাগাম টানতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সোমবার থাই সরকারের ডিজিটাল ইকোনমি প্রমোশন এজেন্সি (ডিইপিএ) নতুন এ ‘প্রমোদতরি কোয়ারেন্টাইন প্রকল্প’ চালুর ঘোষণা দেয়। এর ফলে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ আসা পর্যটকরা তাদের কোয়ারেন্টাইনকাল ফুকেটের কোনো প্রমোদতরি বা ছোট ক্রুজ জাহাজে কাটাতে পারবেন। বেশকিছু প্রমোদতরি নিয়ে প্রকল্পটির ‘পরীক্ষামূলক যাত্রা’ও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গত বছরের মার্চে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও অক্টোবর থেকে থাইল্যান্ড ধীরে ধীরে তাদের সীমান্ত খুলতে শুরু করে।