বরিশাল অফিস
বরিশাল নগরীর বাজার রোড থেকে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ তিন জনকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপাশি একটি ট্রাকও জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে বাজার রোড আলিয়া মাদ্রাসা এলাকায় নৌ পুলিশ ও মত্স্য অধিদপ্তরের যৌথ অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়। আটককৃতরা হলেন—নগরীর ভাটিখানা এলাকার মো. আলামিন, পোর্ট রোড এলাকার আব্দুল আজিজ ও জাহিদ হোসেন। এদের মধ্যে আজিজ ট্রাকচালক ও জাহিদ হেলপার।
বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। যা বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা সাতক্ষীরা থেকে বরিশালে এই চিংড়ি এনেছে বলে জানান ওসি।
