নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাইসাইকেল শোভাযাত্রা
ভ্রাম্যমাণ প্রতিনিধি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় ঐ এলাকার অর্ধশত নারী ও স্কুলছাত্রী। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
তালায় শালতা খননকাজ সমাপ্ত করার দাবিতে স্মারকলিপি
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা শালতা রিভার বেসিন ও পানি কমিটির পক্ষ থেকে পশ্চিম শালতা নদী খননকাজ সমাপ্ত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাতক্ষীরা ও খুলনা জেলার ১৬ ও ১৭/১ নম্বর পোল্ডারের মধ্য দিয়ে প্রবাহিত পশ্চিম শালতা নদী খননকাজ সমাপ্ত করা, অববাহিকায় টিআরএম ও আন্তঃনদীসংযোগ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দারসহ শালতা রিভার বেসিন ও পানি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চান্দিনায় সাত ব্যবসায়ীকে জরিমানা
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চান্দিনায় ভারী প্যাকেটে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে চান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও বিভীষণ কান্তি দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচ জন অসাধু দোকানীকে ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই জন অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের টহল টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল, সম্পাদক মাজহারুল
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. ফজলুল হক তালুকদার জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. মাজহারুল ইসলাম। মঙ্গলবার ভোরে সমিতির কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান ফলাফল ঘোষণা করেন।
আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির অবহিতকরণ কর্মশালা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মঙ্গলবার আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অবহিতকরণ কর্মশালা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডুকেশন প্রোগ্রামের সহকারী পরিচালক সুরুজ জামানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা।
কিশোরীদের সেলাই মেশিন বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে কারিগরি প্রশিক্ষিত কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা সূচনা অফিস প্রাঙ্গণে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।
গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার, রংপুর আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে রংপুরে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান। গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে রংপুরে বিভিন্ন কার্যক্রম পালন বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নারী দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কনের আয়োজন
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বদলগাছীতে তৃণমূল নারীদের ছবি একে ক্যানভাস তৈরির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ব্র্র্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (সিইপি) উদ্যোগে কোলা ইউপির পূর্ব কোলা পল্লী সমাজ মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোলা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন।
০
