ভ্যাট ফাঁকির অভিযোগে রাজধানীর এরাম হোটেল ও বারকে জরিমানা

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

ভ্যাট ফাঁকির অভিযোগে রাজধানীর শুক্রাবাদের এরাম হোটেলের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার দায়ের করা মামলায় ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভ্যাট ফাকির মামলার বিচার আদেশে এই জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঐ আদেশ মেনেও নিয়েছে। ভ্যাট গোয়েন্দা অফিস সূত্র জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার একটি দল গত সেপ্টেম্বর মাসে  হোটেলটিতে আকস্মিক অভিযান চালিয়ে ফাঁকির অভিযোগে হোটেলের কাগজপত্র জব্দ করে। একই সঙ্গে ৩৭৪ বোতল বিদেশি হুইস্কি ও ৩ হাজার ৬৭২ ক্যান বিয়ারের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় এসব মদজাতীয় পণ্যও জব্দ করা হয়।

করোনার সময় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব পানীয় বিক্রি করলেও ভ্যাট অফিসে তার হিসাব দেখায়নি। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান মামলার কাগজপত্র বিশ্লেষণ ও বিবাদীর বক্তব্য আমলে নিয়ে ৮ লাখ ৮৭ হাজার টাকার ভ্যাটের পাশাপাশি পৌনে ১৮ লাখ জরিমানা আরোপ করেন। একই আদেশে বৈধ কাগজ না থাকায় জব্দকৃত মদ ও বিয়ার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।