ইত্তেফাক রিপোর্ট
প্রযুক্তি উন্নয়ন বৈশ্বিক প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে ভ্রমণ চাহিদা পূরণের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ট্রাভেল মার্কেটে এক বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। তবে, নতুন এই ধারার সঠিক এবং সুস্থ বিকাশের জন্য সরকারের তরফ থেকে পলিসি সাপোর্ট এবং কঠোর মনিটরিং প্রয়োজন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ভ্রমণ ও প্রযুক্তি : বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির উত্থান’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা অনুরূপ মতপ্রকাশ করেন। এভিয়েশন এবং ভ্রমণ বিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত এই সেমিনারে সহায়তা প্রদান করে সিটি ব্যাংক লি., ইস্টার্ন ব্যাংক লি., ইনোগ্লোব, জিডিএস কোম্পানি-স্যাবার, অ্যামাডিয়াস এবং গ্যালিলিও। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপিত হয়—বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির উত্থান শীর্ষক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ভ্রমণ ও প্রযুক্তি শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী টিনা জাবিন। ওয়াহিদুল আলম তার বক্তব্যে জানান, বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির আবির্ভাব ২০১৭ সালে হলেও বর্তমানে ৫০টির অধিক এ জাতীয় এজেন্সি সক্রিয় রয়েছে।
