বাউফলে ওসির সঙ্গে আসামিদের সেলফি ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৫৭

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি ও ছবি তোলার ঘটনায় এক সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান খানকে প্রধান করে গঠিত এক সদস্যের তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ গতকাল মঙ্গলবার এ কমিটি গঠন করেন।

মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ওসির ঐ ঘটনায় বিভিন্ন মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান খান জানান, তিনি ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন এবং র্নিধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলা কয়েক জন আসামি রবিবার রাতে বাউফল থানা চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওসির সঙ্গে সেলফি ও ছবি তোলেন এবং তারা নিজেদের ফেসবুক আইডি থেকেই সেসব সেলফি ও ছবি পোস্ট করেছে।