ডিআরইউয়ের আলোচনাসভায় স্পিকার
ইত্তেফাক রিপোর্ট
গত ৫০ বছরে নারীদের অর্জন অনেক। তবে সেই অর্জন এসেছে নানা সমস্যা ও প্রতিবন্ধকতা মাড়িয়ে। নারীরা নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা দিয়েই প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন। তথ্যপ্রযুক্তিসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে নারীদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু ও দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সর্বক্ষেত্রে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত হয়নি এটা ঠিক। তবে সেই লক্ষ্য বাস্তবায়ন কিন্তু বেশি দূরে নয়। আগে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে তেমন নারী প্রতিনিধি ছিল না। এখন নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জনপ্রতিনিধি হচ্ছেন। সেই সংখ্যা দিনদিন বাড়ছে। নারীর অগ্রযাত্রাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। তিনি আরো বলেন, ঘরে-বাইরে নারী নির্যাতনের খবর আগে আড়াল করা হতো। এখন নারী সহিংসতার খবর মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতে নারীর সুরক্ষা, তথ্যপ্রযুক্তিতে নারীদের বিশেষ অগ্রাধিকার প্রদান, কর্মক্ষেত্রে নারীর পারিশ্রমিক নির্ধারণসহ সমতা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ডিআরইউয়ের ছয় নারী সদস্যকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, সংগঠনের সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য শাহনাজ বেগম, ইআরএফ সভাপতি শারমিন রিনভী, এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ ও ডিক্যাবের সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষ অতিথিবৃন্দ ছয় জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ ছাড়া ডিআরইউ সদস্যদের বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবারের কণ্ঠস্বরের বিশেষ সংকলন উত্সর্গ করা হয়েছে শহিদ সাংবাদিক সেলিনা পারভীনকে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
