বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, স্বাধীন বাংলাদেশে এখনো যারা স্বাধীনতার গন্ধ খুঁজে পায়নি, তারাই ইতিহাস বিকৃতির নতুন ষড়যন্ত্রে নেমেছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে গতকাল কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন, ৭ই মার্চের ভাষণ প্রচারে যারা বাধা দিত, হঠাত্ করে তাদের ৭ই মার্চ পালন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িক চেতনাবোধ ও দেশপ্রেমকে সঠিকভাবে জাতির কাছে উপস্থাপনের আহ্বান জানান। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ৭ই মার্চ পালনের নামে খণ্ডিত ইতিহাস চর্চা করে বিএনপি-জামায়াত নতুন করে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে নেমেছে। বিএনপির ৭ই মার্চ পালনের অনুষ্ঠানে ইতিহাস বিকৃতকারী বিএনপি নেতাদের রাজনৈতিক ও বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
