বিএনপির ৭ই মার্চ পালন অসত্ উদ্দেশ্যে :তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:১০

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, একটি অসত্ উদ্দেশ্য নিয়ে বিএনপি ৭ই মার্চ পালন করেছে। গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আপনাদেরকে অনুরোধ জানাব যে, আপনারা এতদিন ধরে যে ইতিহাসবিকৃতি করেছেন সেটার জন্য জনগণের কাছে ক্ষমা চান। আর নতুন করে ইতিহাস বিকৃত করার জন্য কোনো দিবস পালন করার ভণ্ডামি দয়া করে করবেন না।’

হাছান মাহমুদ বলেন, ‘স্বাধীনতার ঘোষণা পাঠের জন্য যদি কৃতিত্ব দিতে হয় তাহলে নূরুল হকের কৃতিত্ব জিয়াউর রহমানের চেয়ে অনেক বেশি। কেননা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর ২৬শে মার্চ বঙ্গবন্ধুর ঘোষণাটি রিকশা করে চট্টগ্রাম শহরে মাইকিং করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ অফিসের প্রয়াত বেয়ারার নূরুল হক। চট্টগ্রাম শহরে পাকিস্তানি সেনাবাহিনী তখন হত্যাকাণ্ড চালাচ্ছে, যে কোনো মুহূর্তে তার বুকে গুলি হতে পারে সেটা জেনেও সেদিনকার তরুণ নূরুল হক মানুষকে ঘোষণাটি শুনিয়েছিলেন।

ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি কে এম শহিদ উল্যার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, নাজমুল হক, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. মাসুদ করিমসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি তুলে দেন তথ্যমন্ত্রী।