মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার রাত আড়াইটা থেকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত চলা এ অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। কোস্ট গার্ড সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, সংস্থাটির পাগলা ও গজারিয়া স্টেশনের উদ্যাগে মুক্তারপুর সেতু সংলগ্ন ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দুর্গাবাড়ি, বাস্তহারা এলাকার ১০টি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত আসামিসহ জব্দকৃত জালগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
