সরকার নারীর ক্ষমতায়ন ও তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী :কাদের

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:৪৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের নারীরা বন্দি নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখিয়েছেন সম্ভাবনার মুক্ত আকাশ। তাদের হাতে হাতে এখন বিশ্বজয়ের প্রযুক্তি। ঘরে বসে উপার্জন করছে লাখ লাখ নারী। সরকার নারীকে অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। গতকাল মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন।

‘এদেশের নারীরা অধিকারবঞ্চিত’—মর্মে নারী দিবসের কর্মসূচিতে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নারীর সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত যা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি বয়ে আনছে। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধানের পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সরাসরি ভোটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী প্রতিনিধি নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদে বাড়ানো হয়েছে সংরক্ষিত নারী আসন। নারী উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং পেশায় বাড়ছে তাদের অংশগ্রহণ।