মোবাইল ফোন কানে রেললাইনে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:৪৯

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় আমির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। তখন তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। তিনি পোশাক ব্যবসায়ী ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ মহিউদ্দিন জানান, পরিবারের সঙ্গে নাখালপাড়া এলাকায় থাকতেন আমির হোসেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোমবার রাত ১০টার দিকে তিনি নিকুঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই আলী হোসেন জানান, রেলওয়ে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। হেঁটে বাসায় ফেরার সময় তিনি ট্রেনের ধাক্কায় নিহত হন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছেন।