জাতীয় ঐক্য গড়ে জাতীয় সরকার গঠনের আহ্বান

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:৪৯

জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে দেশে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন গণফোরামের একাংশের নেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীতে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। মতবিনিময়ে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, সাবেক দুই নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক নেতৃত্ব দেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মন্টু জানান, অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত।

সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান সুব্রত চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে রাষ্ট্র একটি ভয়ংকর সার্বিক নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় যারা দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ ও লালন করেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে বর্তমান কর্তৃত্ববাদী দুঃশাসনকে হটাতে হবে এবং বর্তমান বিরাজমান অবস্থা থেকে জাতিকে নিষ্কৃতি দিতে জাতীয় সরকার গঠন অপরিহার্য।

সভায় সভাপতির বক্তব্যে আবু সাইয়িদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান ছিল মধ্য বামপন্থার দিকে। আর এখন আওয়ামী লীগ মধ্য ডানপন্থার দিকে ঝুঁকেছে। গণফোরাম মধ্য বামপন্থার রাজনীতি কাজ করতে চায়। এক প্রশ্নের জবাবে মন্টু বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল। আমরা এই ফ্রন্টে নেই তা কখনো বলিনি। এখন এই ফ্রন্টের কার্যক্রম কার্যকর নেই, স্থগিত আছে। আগামী ২৮ ও ২৯ মে কাউন্সিলে সিদ্ধান্ত নেব আমরা জাতীয় ঐক্যফ্রন্টে থাকব না নতুনভাবে আরো বৃহত্তর পরিসরে ঐক্যফ্রন্ট করব। গণফোরামের নেতাদের মধ্যে মহসিন রশিদ, জামাল উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান, হেলাল উদ্দিন, আইয়ুব খান ফারুক, খান সিদ্দিকুর রহমান, লতিফুল বারী হামীম, আবদুল হাসিব চৌধুরী, মো. জাহাঙ্গীর, নাসির হোসেন, তাজুল ইসলাম, মুহাম্মদ উল্লাহ মধু, সানজীব রহমান শুভ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।