বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্সবে যোগ দেওয়ার জন্য দুই দিনের সফরে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, সাতক্ষীরা ও ওরাকান্দিতে দুটি মন্দির পরিদর্শন করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসবেন। প্রথম দিন নিয়মিত অনুষ্ঠান যেমন—জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২, জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং পরদিন তিনি ঢাকার বাইরে যাবেন। সফরের দ্বিতীয় দিন তিনি প্রথমে যাবেন সাতক্ষীরায়। সেখানে লক্ষণ সেনের সময়কার একটি পুরোনো মন্দির আছে। সেখানে যাবেন তিনি। এরপর তিনি যাবেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তাকে অভ্যর্থনা জানাবেন। নরেন্দ্র মোদি সেখান থেকে ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে যাবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৭ মার্চ বিকাল বেলা প্রধানমন্ত্রীর দপ্তরে মোদি আসবেন দ্বিপক্ষীয় বৈঠকের জন্য। সেখানে কয়েকটি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন হবে এবং কিছু চুক্তি সই হবে। এরপর তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সেখান থেকে সন্ধ্যায় বিমানবন্দরে যাবেন।
