ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ ৫ জন দগ্ধ

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:৫৫

ফতুল্লায় একটি বাড়ির ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মাসদাইর পতেংগার মোড় এলাকার হাজি ভিলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন—গার্মেন্টস শ্রমিক মিশাল (২৬), তার স্ত্রী মিতা (২৩), তাদের দেড় বছর বয়সি শিশুসন্তান মিনহাজ এবং মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মাহফুজ ও সজীব। এক মাস আগেই তারা ঐ বাড়িটিতে ওঠেন। গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঐ ফ্ল্যাটের বিভিন্ন রুমে জমাট বাঁধে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।