বাবা আমার সঙ্গে কথা বলেন না: প্রিন্স হ্যারি

আপডেট : ১০ মার্চ ২০২১, ১০:২৭

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।

প্রিন্স হ্যারি দাবি করেন, তার সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করেছে রাজ পরিবার। সেইসঙ্গে তার বাবা প্রিন্স চার্লস কথা বলা বন্ধ করেছেন। রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বাস্তবিকভাবেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন প্রিন্স চার্লস।

হ্যারি আরও জানান, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণার পর মাত্র ৩ বার তার দাদীর (রানি এলিজাবেথ) সঙ্গে কথা হয়েছে। আর বাবার সঙ্গে কথা হয়েছে ২ বার। তারপর থেকে তিনি আমার ফোন ধরা বন্ধ করে দেন। একসময় এও বলেছিলেন, যা বলতে চাও তা লিখিত দিতে পার? মায়ের টাকা ছাড়া আমাকে অন্যান্য টাকা পয়সা থেকে বঞ্চিত করা হয়। ভাই উইলিয়ামের সঙ্গেও এখন তার ভালো সম্পর্ক নেই।

এদিকে, হ্যারির স্ত্রী মার্কেল অভিযোগ তোলেন, তার সন্তানের শরীরের ত্বক ঠিক কতোটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। একইসঙ্গে রাজপরিবারের সদস্যরা এটা নিয়ে পেছনে পেছনে কথাও বলতেন। এমনকি সন্তানের গায়ের রং কতোটা কালো হবে এটা নিয়ে স্বামী প্রিন্স হ্যারিকে পরিবারের এক ব্যক্তি প্রশ্ন পর্যন্ত করেছিলেন।

এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল চাপও। এরপর রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা জরুরি বৈঠকে (ক্রাইসিস মিটিং) বসার পর বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতি প্রকাশিত হয়। প্যালেসের মতে, মেগান মার্কেল সব সময়ই তাদের পরিবারের ভালোবাসার সদস্য হিসেবে রয়ে যাবেন। এছাড়া অভিযোগটি গোপনে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তারা।

ইত্তেফাক/টিআর