১২ বছর ধরে নেই এক্সরে মেশিন

আপডেট : ১০ মার্চ ২০২১, ১২:০৭

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১২ বছর ধরে এক্সরে মেশিন নেই। ফলে এক্সরে সংক্রান্ত সেবা পাচ্ছে না রোগীরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৭ সালের ২৯ এপ্রিল ৫০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্সরে মেশিন সরকারিভাবে সরবরাহ করা হয়। যা ১৯৮৮ সালের ১ সেপ্টেম্বর চালু করা হয়। এক্সরে মেশিনটি টানা ২০ বছর চলার পর ২০০৮ সালে ১১ জুলাই অকেজো হয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস পর ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত অযোগ্য বলে মতামত দেয়। এরপর থেকে প্রায় সাড়ে ১২ বছর যাবৎ হাসপাতালে কোনো এক্সরে মেশিন নেই। ফলে এক্সরে টেকনিশিয়ানকে প্রেষণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। ফলে রোগীরা প্রাইভেট ক্লিনিকে গিয়ে এক্সরে করতে বাধ্য হচ্ছেন। এতে রোগীদের অতিরিক্ত ব্যয় হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, এক্সরে মেশিনের জন্য প্রতি বছর চাহিদাপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে এবং আশ্বাসও পাওয়া যাচ্ছে। কিন্তু সরবরাহ কবে পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ইত্তেফাক/কেকে