পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপির মরা গাঙে জোয়ার আসবে না। বিএনপির রাজনীতি গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো।
বুধবার (১০ মার্চ) বিকেলে শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৩, ৪ ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি মিথ্যাচার, ষড়যন্ত্র ও সন্ত্রাস নির্ভর। ফটোসেশন মার্কা আন্দোলনের কারণে জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়েছে বিএনপি। এদেশের মানুষ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা এদেশের মানুষ ভুলে নাই।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বেপারীর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাড়ীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ টুকু বেপারী। প্রধান অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, সাবেক চেয়ারম্যান ইউনুস মোল্লা, থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী। প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি।
ইত্তেফাক/এমএএম
