রাজস্ব বাড়াতে তামাকপণ্যে কর বৃদ্ধির প্রস্তাব

আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:০৮

তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপসহ দাম বৃদ্ধির দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে প্রাক-বাজেট সভায় এই দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীদের সংগঠনটি। 

সভায় আত্মা’র পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়ন করা হলে প্রায় ৮ লাখ অকাল মৃত্যু রোধ হবে এবং ৩ হাজার ৪শ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের ব্যবহার তুলনামূলক প্রায় একইরকম রয়েছে। 

করের ভিত্তি এবং করহার খুবই কম হওয়ায় সিগারেট, বিড়ি এবং ধোঁয়াবিহীন তামাকপণ্য (জর্দা ও গুল) অধিক সহজলভ্য থেকে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান তামাক কর অত্যন্ত জটিল যা মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়। ফলে বিদ্যমান তামাক কর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারছে না।

ইত্তেফাক/এসসিএস