গানকে বিদায় জানাচ্ছেন সেলেনা!

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:০২

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ খুব কম সময়েই সারাবিশ্বের দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছেন। তার অসাধারণ গায়কী সকলের কাছেই প্রশংসিত। সেই ধারাবাহিকতায় তিনি একে পর এক উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় গান। তার নতুন গান মানেই ভক্তদের কাছে ভিন্ন কিছু, বাড়তি উন্মাদনা। প্রায় প্রতিটি গানই সফলতার মুখ দেখছে। বলা চলে, বতর্মান সময়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। এমন জনপ্রিয়তার পরও গান থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন সেলেনা। অনেক অভিমানে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন এই গায়িকা।

সেলিনা বলেন, ‘মানুষ যখন আপনার কাজকে গুরুত্বের সঙ্গে না নেয় তখন গান করা চালিয়ে যাওয়া সত্যিই কঠিন। আমার ক্যারিয়ারে এমন কিছু মুহূর্ত আছে যখন আমাকে গান নিয়ে জবাবদিহিতাও করতে হয়েছে। আমি মনে করি, আমার ক্যারিয়ারের সেরা গানগুলোর অন্যতম হচ্ছে লুস ইউ টু লাভ মি। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষের জন্য এ গানটিও যথেষ্ট নয়। আমি জানি, আমার গানের অনেক শ্রোতা আছে। তারা আমার গানকে ভালোবাসেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু সংগীত থেকে আমি অবসর নেব।’

উল্লেখ্য, ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজের মাধ্যমে ২০০২ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন সেলেনা। তবে ক্যারিয়ারের বেশিরভাগ জায়গায়ই নিজের গান দিয়ে বেশি আলোচিত হয়েছেন এ গায়িকা। এছাড়া চলতি বছরও ‘ভোগ’ ম্যাগাজিনের এপ্রিল সংখ্যার কাভারে জায়গা করে নেন তিনি।