চীন ও পাকিস্তানকে রুখতে মার্কিন ড্রোন কিনছে ভারত

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:০৪

প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানকে মোকাবিলায় এবার যুক্তরাষ্ট্র থেকে ৩০টি অস্ত্রবাহী ড্রোন কিনছে ভারত। দেশ দুটির সঙ্গে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় সমুদ্র ও স্থল নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খবর দ্য ইকোনমিক টাইমসের

সান দিয়েগোভিত্তিক জেনারেল অ্যাটোমিক্স কর্তৃক নির্মিত ৩০ এমকিউ-৯ বি প্রিডেটর ড্রোনগুলো আগামী মাসে ভারত ৩০০ কোটি ডলার ব্যয়ে ক্রয়চুক্তি করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই চুক্তির ফলে ভারতের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এ ড্রোন ব্যবহার করা হবে শুধু নজরদারি এবং অনুসন্ধানে। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় বলয়ে চীনের আধিপত্য রুখতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে কোয়াড গঠন করেছে। বিশেষজ্ঞদের ধারণা, সেই কোয়াডকে কাজে লাগিয়ে চীনের আগ্রাসি মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। আর দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় মূল অংশীদার হয়ে উঠেছে ভারত। ড্রোনগুলো টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ওজন নিতে পারে প্রায় ১ হাজার ৭০০ কিলোগ্রাম। মূলত ভারতীয় নৌবাহিনী জলপথে চীনের যুদ্ধজাহাজের ওপর নজরদারি রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করবে। এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল এটোমিক্সের কোনো মুখপাত্রের জবাব পাওয়া যায়নি। সাড়া পাওয়া যায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকেও।