সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্যটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস দরপতনের মধ্যে থাকল শেয়ারবাজার। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৬৩ পয়েন্টে নেমে গেছে। প্রধান মূল্যসূচকের পাশাপাশি পতন হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। আগের দিনের তুলনায় এ সূচকটি ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ১৭৩টি। আর ১১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৭৩ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৩ কোটি ৩৮ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৬৩ কোটি ৬৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লুব রেফের শেয়ার। কোম্পানিটির ৭৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৭৩ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ হোলসিম, সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, ওয়ালটন এবং এস এস স্টিল।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৬টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
