গেল ফেব্রুয়ারি মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩২ শতাংশে। আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৫ দশমিক শূন্য ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে বলা হয়েছে, দেশে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে চাল, ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, চিনিসহ ইত্যাদির মূল্য বেড়েছে। সার্বিকভাবে ফেব্রুয়ারি মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪২ শতাংশে যা জানুয়ারি মাসে ছিল ৫ দশমিক ২৩ শতাংশ। তবে বিবিএস দাবি করেছে এক মাসের ব্যবধানে আলু, পেঁয়াজ, শাকসবজি যেমন :বেগুন, মিষ্টিকুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টম্যাটো, গাজারের দাম কমেছে। সেইসঙ্গে আঙ্গুর, বরই, মসলার দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের জন্য গতকাল বুধবার আগারগাঁওস্থ বিবিএস ভববে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। বিবিএসের হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্যবহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৬৯ ভাগ থকে ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৫ দশমিক ১ ভাগে।
