সেচসুবিধা বাড়াতে ১২ কোটি ডলার বা ১ হাজার ২০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ডসভা। ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট শিরোনামের প্রকল্পে এই অর্থ দেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে শোয়া লাখ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। সেই সঙ্গে এই জমিতে বন্যায় ফসলের ক্ষতি ৬০ ভাগ কমে আসবে। এর ফলে ১ লাখ ৭০ হাজার দরিদ্র মানুষের আয় বাড়বে। গতকাল বুধবার বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন উল্লেখ করেন, বাংলাদেশের ৭০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তাদের ঝুঁকিতে ফেলে। জলবায়ু-সহায়ক পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উত্পাদনশীলতা বাড়ানো সম্ভব। সেই সঙ্গে আয় বৃদ্ধি করাও সম্ভব।
প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে জলবায়ু-স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে মত্স্য উত্পাদন প্রায় ৪০ শতাংশ এবং চালের উত্পাদন ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
