কার্যত বন্দিত্ব থেকে মুক্তিই বলতে হবে। ক্রাইস্টচার্চে একই হোটেলে থেকেও দলের অনেকে একে অপরের মুখ সরাসরি দেখতে পেলেন গতকালই প্রথমবার। চারবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন সবাই। শেষ হয়েছে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব। গতকাল হোটেল থেকে বের হয়েছেন মাস্ক ছাড়া। নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই। তামিম-মুশফিকেরা যেন মুক্ত বিহঙ্গ।
মূলত এবার শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের মূল কার্যক্রম। গতকালই ক্রাইস্টচার্চ ছেড়ে স্থানীয় সময় রাত ৯টায় কুইন্সটাউনে গিয়ে পৌঁছায় বাংলাদেশ দল। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। টানা পাঁচ দিন কুইন্সটাউনে ক্যাম্প চলবে। পুরোদমে সিরিজের প্রস্তুতিতে নিবিষ্ট থাকবে টাইগাররা। এখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারী দল। তারপর ১৬ মার্চ প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে সফরের বাকি অংশে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন তামিমরা। দলগত অনুশীলন হবে, বাইরে ঘুরতে পারবেন, হোটেলে খেতে যেতে পারবেন সবাই। গতকাল ক্রাইস্টচার্চ ছাড়ার আগে প্রচলিত নিয়ম মেনেই সংবাদ সম্মেলনে কথাও বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম। তার কথাতেই স্পষ্ট, কোয়ারেন্টাইনের সময়টা কঠিন ছিল ক্রিকেটারদের জন্য। গতকাল স্থানীয় সাংবাদিকদের তামিম বলেছেন, ‘খুব ভালো লাগছে এখন। আমাদের জন্য এরকম অভিজ্ঞতা এবারই প্রথম। তবে সত্যি বলতে, তারা আমাদের দেখভাল খুব ভালোভাবে করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট যেভাবে সবকিছুর ব্যবস্থা করেছে, আমাদের দল থেকে আমরা কেবল ধন্যবাদই জানাতে পারি। এরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া সহজ নয়।’
কোয়ারেন্টাইনের কারণে সফরের মেয়াদকাল বেড়ে গেছে, যা আরও কঠিন করেছে তামিমদের কাজটা। ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, অনেক বড় পার্থক্য গড়ে দেয় এটা। এবার আমাদের সময় প্রায় ৪৫ দিনের, সাধারণ পরিস্থিতিতে এই সফর হয়তো ২০ দিনেই শেষ করে আমরা বাড়ি ফিরতে পারতাম। এখন ১৪ দিন আইসোলেশনে থাকতে হলো। কিন্তু এখন সময়টাই এমন। সংশ্লিষ্ট দেশের নিয়মকে শ্রদ্ধা করতেই হবে আমাদের। সামনে তাকাতে হবে। ভালো ব্যাপার হলো, এখন আমরা মুক্ত। তাজা বাতাসে শ্বাস নিতে পারছি।’
বাংলাদেশ থেকে করোনার ভ্যাকসিন নিয়েই গিয়েছিলেন তামিমরা। দ্রুত ভ্যাকসিন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ওয়ানডে অধািনয়ক।
২০১৯ সালে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ দল। সে ঘটনা সুন্দরভাবে সামাল দেওয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন তামিম। তবে সেই ঘটনা আর মনে করতে চান না তিনি।
