বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডির তিস্তা জোনের ফাইনাল খেলায় নারী ও পুরুষ দল থেকে দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলা দল। নারী ফাইনালে নীলফামারী জেলার কাবাডি দল ১৮-৩০ পয়েন্টে রংপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর একই মাঠে পুরুষ ফাইনালে নীলফামারী জেলা কাবাডি দল ২১-২৮ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরুষ দলের বাসুদেব অধিকারী ও নারী দলের রমা রানি রায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন। খেলা শেষে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ব্যবস্থাপনায় দেশের আট বিভাগের আটটি জোনে বাংলাদেশ গেমস কাবাডি (নারী-পুরুষ) অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় নীলফামারী বড় মাঠে তিস্তা জোনের প্রতিযোগিতা আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। ৫ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টে রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর ও স্বাগতিক নীলফামারী জেলার ছয়টি নারী ও ছয়টি পুরুষ দল অংশ নেয়। ১ এপ্রিল ঢাকায় শুরু হবে জাতীয় পর্যায়ের লড়াই।
