বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঐ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রির জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বড়লেখা থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযানে সহায়তা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
