ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘মশক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে ডিএসসিসি এলাকায় ইনশাআল্লাহ্ মশা আরো নিয়ন্ত্রণে আসবে। গতকাল ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীবাজার খেলার মাঠ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘খালগুলো অবৈধ দখলমুক্ত হচ্ছে, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। সেই সঙ্গে খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
শেখ তাপস বলেন, ‘ফ্লাইওভারের নিচের জায়গা বেদখল অবস্থায় আছে, অব্যবস্থাপনা আছে, ময়লা-আবর্জনায় ভরপুর। বিভিন্ন মহল সেগুলো দখল করে বিভিন্ন ধরনের পাঁয়তারা করছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করব। যাতে করে যান চলাচল করতে পারে, সে ব্যবস্থা আমরা করব এবং খোলামেলা পরিবেশ থাকে, সেটি নিশ্চিত করব।’ সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এর আগে মেয়র মগবাজার চৌরাস্তায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
