সিরাজদিখান উপজেলার বিভিন্ন গ্রামে উত্সবের আমেজে শুরু হয়েছে আলু তোলা । এ কারণে এলাকার কৃষক পরিবার, শ্রমিক, বস্তা ও সুতা ব্যবসায়ী, হিমাগার মালিক-শ্রমিকসহ পরিবহন শ্রমিক ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই ব্যস্ত সময় পার করছেন।
গত বছর বড় ধরনের মুনাফা পেয়ে এবার এলাকায় আলুর চাষ বেশি হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। দামও মোটামুটি ভালো। কম পুঁজির চাষি অনেকে দাম ভালো পাওয়ায় জমিতেই আলু বিক্রি করছেন। অনেকে বেশি লাভের আশায় হিমাগারে রাখছেন। উপজেলার বাসাইল গ্রামের চাষি সোহরাব হোসেন জানান, তিনি এ বছর ৪০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। বর্তমানে জমি থেকে ৫৫০ টাকা মণ দরে আলু বিক্রি হচ্ছে।
